প্রকাশিত:
২০ জানুয়ারী, ২০২৬

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে তীব্র তুষারঝড়ের কারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। একসঙ্গে ১০০টিরও বেশি গাড়ি পরস্পরের সঙ্গে ধাক্কা খায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পড়ে। এতে বহু মানুষ আহত হয়েছেন, তবে এখন পর্যন্ত কেউ মারা গেছেন বলে খবর পাওয়া যায়নি।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (১৯ জানুয়ারি) গ্র্যান্ড র্যাপিডস শহরের দক্ষিণ-পশ্চিমে ইন্টারস্টেট ১৯৬ মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে, তুষারঝড়ের কারণে দৃশ্যমানতা (Visibility) প্রায় শূন্যের কোঠায় নেমে আসায় চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একটি বড় ট্রাক (Semi-trailer) নিয়ন্ত্রণ হারিয়ে আড়াআড়িভাবে রাস্তায় আটকে গেলে পেছন থেকে আসা একের পর এক গাড়ি সেটিকে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় ১০০টিরও বেশি ব্যক্তিগত গাড়ি এবং অন্তত ৩০টি বড় ট্রেলার ট্রাক একে অপরের ওপর আছড়ে পড়ে।ড্রোন ফুটেজে দেখা গেছে, তুষারশুভ্র মহাসড়কে খেলনার মতো দুমড়েমুচড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে অসংখ্য গাড়ি। অনেক গাড়ি রাস্তা থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়।
এদিকে মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন, তবে কেউ নিহত হননি বলে ধারণা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, তুষারে ঢাকা সড়কের ওপর একের পর এক ট্রাক ও গাড়ি দুমড়ে-মুচড়ে পড়ে আছে!
অন্তত ১২ জনকে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও কয়েক ডজন মানুষকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।তীব্র শীত এবং তুষারপাতের মধ্যেই ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা আটকে পড়া চালকদের উদ্ধার করেন। আটকা পড়া যাত্রীদের পাশের একটি হাইস্কুলে সরিয়ে নেওয়া হয়। বেশ কয়েকটি ক্রেন ও র্যাকার ব্যবহার করে গাড়িগুলো সরানোর কাজ চলছে।
এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, দেশটির উত্তরে মিনেসোটা থেকে শুরু করে উইসকনসিন, ইন্ডিয়ানা, ওহাইও, পেনসিলভানিয়া ও নিউইয়র্ক পর্যন্ত বিস্তৃত এলাকায় তীব্র শীত বা তুষারঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। আমিশিগানসহ অনেক এলাকায় তাপমাত্রা নেমে যেতে পারে মাইনাস ২২ ডিগ্রি সেলসিয়াসে (উইন্ড চিলসহ)।
মিশিগান, ইন্ডিয়ানা এবং ওহাইওসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে জরুরি আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। অপ্রয়োজনে মহাসড়কে যাতায়াত না করতে নাগরিকদের পরামর্শ দিয়েছেন মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার।
এছাড়া আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, ফ্লোরিডার উত্তর-মধ্যাঞ্চল ও জর্জিয়ার দক্ষিণ-পূর্ব এলাকাতেও রাতের মধ্যে হিমাঙ্কের কাছাকাছি বা তার নিচে তাপমাত্রা নেমে যেতে পারে।
সতর্ক বার্তায় আরও বলা হয়, কর্তৃপক্ষ চালকদের অত্যন্ত সতর্কভাবে এবং ধীরগতিতে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়েছে। কারণ ঝড় এখনো পুরোপুরি কাটেনি এবং যেকোনো সময় আবারও এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।